আবারও কেন্দ্র দখলের আশঙ্কা বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত সাতটি কেন্দ্রে আজ সোমবার চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে। এর আগে কেন্দ্র দখল ও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে কেন্দ্রগুলোর ভোট স্থগিত করা হয়েছিল। এবারও কেন্দ্র দখলের আশঙ্কা করছেন বিএনপির প্রার্থীরা।
স্থগিত হওয়া কেন্দ্রের মধ্যে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির পাঁচটি ও রায়পুর উপজেলার সোনাপুর ইউপির দুটি রয়েছে। বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন ভাটরা ইউপিতে আবু হান্নান লাভলু ও সোনাপুর ইউপিতে ইকতিয়ার উদ্দিন। তাঁরা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা গ্রামে গ্রামে মহড়া দিচ্ছেন। তাঁদের দলের নেতা-কর্মীদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউপি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রে দখল করতে এলাকায় সমবেত হচ্ছেন। এতে তাঁদের আশঙ্কা আবারও ভোট জালিয়াতি হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল ও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে গত ৪ জুন ভাটরা ইউপির ভাটরা, পাঁচরুখী, মাইজপাড়া, বাউরখাড়া ও উত্তর দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই কারণে গত ২৩ এপ্রিল রায়পুর উপজেলার সোনাপুর ইউপির সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রাখালিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ভাটরা ইউপির আবুল হোসেন ও সোনাপুরের ইউছুফ জালাল কিসমত বলেন, তাঁদের নেতা-কর্মীরা কোথাও মহড়া দেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা চালাতেও বাধা দেওয়া হয়নি। বিএনপির প্রার্থীরা মিথ্যাচার করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বলেন, ‘একজন প্রার্থী মৌখিকভাবে হুমকি-ধমকির কথা জানিয়েছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, নির্বাচন হবে সুষ্ঠু।’