আবারও ধাওয়া খেয়ে পালাল 'আসল বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে পালালেন ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা। ‘দলীয় বিপ্লবের মহড়া’ দিতে গিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার মুখে পালিয়ে যান ‘আসল বিএনপি’ দাবিদারেরা।

আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ‘আসল বিএনপি’র কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসছিলেন। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘দলীয় বিপ্লবের মহড়া’। মিছিলটি আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা বিপরীত দিক থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা পালিয়ে গেলে তাঁদের সঙ্গে থাকা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

‘আসল বিএনপি’র নেতা কামরুল হাসান অবশ্য ‘আসল বিএনপি’ বলতে নারাজ। তিনি নিজেকে বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে প্রথম আলোকে বলেন, নতুন কোনো সংগঠন বা দল করা হচ্ছে না। এটি বিএনপির পুনর্গঠনের প্রক্রিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘রাজনৈতিক-সাংস্কৃতিক আঙ্গিকে’ আজ তাঁদের নেতা-কর্মীরা নয়াপল্টনে গিয়েছিলেন। পিকআপ ভ্যানে গান-কবিতা বাজছিল। সে পিকআপটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

নয়াপল্টন যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে কামরুল হাসান বলেন, গত ২৬ নভেম্বর জনতার নিম্ন আদালত দুটি রায় দিয়েছিল। একটি হলো বিএনপির গঠনতন্ত্র স্থগিত, আরেকটি হলো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসবে। সেখানে বিচারক হিসেবে থাকবেন বিএনপির গত ২০ বছরে যারা কাউন্সিলর ছিলেন তাঁরা। এটি নতুন কিছু নয়, বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়া।

এর আগে ২ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে গিয়ে পিটুনি খেয়ে পালায় ‘আসল বিএনপি’। ওই দিনও কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

 আরও পড়ুন