আবারও ধাওয়ার মুখে পালাল 'আসল বিএনপি'

আবারও বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়ায় পালালেন ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা। ‘দলীয় বিপ্লবের মহড়া’ দিতে গিয়ে গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ধাওয়ার মুখে পড়েন ‘আসল বিএনপি’ দাবিদারেরা।
ওই ঘটনার পর বিএনপি অভিযোগ করেছে, বস্তির টোকাই দিয়ে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, গতকাল বিকেল পৌনে চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ‘আসল বিএনপি’র কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘দলীয় বিপ্লবের মহড়া’। তাঁদের সঙ্গে থাকা একটি পিকআপ ভ্যানে ছিল কয়েকটি সাউন্ডবক্স। মিছিলটি আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা বিপরীত দিক থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। ধাওয়ায় ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা পালিয়ে যান। আর পিকআপ ভ্যানটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পিকআপ ভ্যানে থাকা সাউন্ডবক্সগুলোও জ্বালিয়ে দেওয়া হয়।
‘আসল বিএনপি’র নেতা কামরুল হাসান অবশ্য ‘আসল বিএনপি’ বলতে চান না। তিনি নিজেকে বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে গতকাল প্রথম আলোকে বলেন, নতুন কোনো সংগঠন বা দল করা হচ্ছে না। এটি বিএনপির পুনর্গঠনের প্রক্রিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘রাজনৈতিক-সাংস্কৃতিক আঙ্গিকে’ গতকাল তাঁদের নেতা-কর্মীরা নয়াপল্টনে গিয়েছিলেন। পিকআপ ভ্যানে গান-কবিতা বাজছিল। ওই পিকআপটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে কামরুল হাসান বলেন, গত ২৬ নভেম্বর ‘জনতার নিম্ন আদালত’ দুটি রায় দিয়েছিল। একটি হলো বিএনপির গঠনতন্ত্র স্থগিত, আরেকটি হলো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসবে। সেখানে বিচারক হিসেবে থাকবেন বিএনপির গত ২০ বছরে যাঁরা কাউন্সিলর ছিলেন তাঁরা। এটি নতুন কিছু নয়, বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়া।
এর আগে ২ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে গিয়ে পিটুনি খেয়ে পালায় ‘আসল বিএনপি’। ওই দিন কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
রিজভীর সংবাদ সম্মেলন: ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা ধাওয়ায় পালিয়ে যাওয়ার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বস্তির কিছু টোকাই দিয়ে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা করছে। বস্তির কিছু লোক নিয়ে এসে মিছিল করিয়ে সরকার প্রমাণ করতে চায়, এরা বিএনপির একটি অংশ। অথচ সরকার বিএনপিকে শান্তিতে মিছিল-মিটিং করতে দেয় না। সরকার হীনম্মন্যতা থেকে এসব কাজ করছে। কয়েক দিন আগেও কিছু টোকাই দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। এর আগেও অনেককে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করেছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে এবং হবে।