আবারও নেতৃত্বে তিন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুজন ও কৃষক লীগের জেলা পর্যায়ের শীর্ষ একজন—এই তিন নেতা একসময় প্রতিপক্ষের রোষানলে পড়ে রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। সাত বছরের মাথায় পর্যায়ক্রমে তাঁরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আবার সক্রিয় হয়েছেন।
ওই তিন নেতার মধ্যে গত বুধবার পৌর মেয়র হয়েছেন রফিক উদ্দিন ভূঁইয়া। ২০১৪ সালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ হয়েছেন আনোয়ারুল আবেদিন খান। ২০১৫ সালে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হন আবদুল মালেক চৌধুরী।
নান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) রসুলপুর গ্রামের মামুনুর রশীদসহ অন্তত ২৫ ব্যক্তি বলেন, ২০০৮ থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত নান্দাইলের রাজনীতি নিয়ন্ত্রণকারীদের হাতে ওই তিন নেতা নিগৃহীত হয়েছেন। বিষয়টি সাধারণ মানুষ পছন্দ করেননি। তাই তাঁরা আবারও সাধারণ মানুষের ভোটে জনপ্রতিনিধি হতে পেরেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ারুল আবেদিন খান দীর্ঘদিন ধরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে আনোয়ারুল আবেদিন খান ও আবদুল মালেক চৌধুরী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় উভয় নেতা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন। ওই সময় আনোয়ারুল আবেদিন নিজ এলাকা থেকে জেলা পর্যায়ের রাজনীতিতে সক্রিয় হন। দল থেকে বহিষ্কার হন আবদুল মালেক চৌধুরী। ২০১১ সালের পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়ে দল থেকে বহিষ্কার হন রফিক উদ্দিন ভূঁইয়া। নিজ দলের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীর হাতে হেনস্তা হওয়া থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে তাঁরা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
গত শুক্রবার ওই তিনজনের সঙ্গে একত্রে আলাপ হয়। তাঁরা বলেন, তাঁরা এক মুহূর্তের জন্যও রাজনীতি থেকে নিষ্ক্রিয় হননি। বরং সাধারণ মানুষের পাশে থেকে দলের জন্য কাজ করেছেন। এ কারণে তিনজনই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। মানুষের জন্য কাজ করলে একদিন সফলতা আসবে, এই বিশ্বাস তাঁদের ছিল।