আবারও বর্জনের হুমকি আ.লীগের, ভয়ে চারজন প্রার্থী হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা প্রাণনাশের হুমকি পেয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ ছাড়া ভয়ভীতির কারণে তিনটি ইউপিতে প্রার্থী হওয়ার মতো আগ্রহী কাউকে খুঁজে পাওয়া যায়নি। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে দলের অনেক চেয়ারম্যান পদপ্রার্থী এলাকা ছেড়ে এখন রাঙামাটি শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে রাঙামাটিতে ইউপি নির্বাচন শেষ পর্যন্ত বর্জন করতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেন।
আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে রাঙামাটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তখন সন্ত্রাসীদের হুমকির কারণে আওয়ামী লীগ ১৯টি ও বিএনপি ২৭টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি। পরে নির্বাচন কমিশন রাঙামাটির সবকটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।
গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সারোয়াতলী এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে দলের কোনো নেতা-কর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে এই তিন ইউনিয়নে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। বাকি ৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী থাকলেও চরজন মনোনয়নপত্র জমা দেননি। সন্ত্রাসীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারণে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এবং কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সন্ত্রাসীদের হুমকির কারণে অনেক চেয়ারম্যান প্রার্থী এলাকা ছেড়ে রাঙামাটি শহরে অবস্থান করছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহাবুবুর রহমান, সহসভাপতি রুহুল আমিন ও মো. কামাল উদ্দিন। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
জানতে চাইলে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পরিতোষ চাকমা গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে সত্য। তবে আমি মনোনয়নপত্র জমা দেইনি।’ কী কারণে মনোনয়নপত্র জমা দেননি, সে বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি।
বাঘাইছড়ির দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের কেউ প্রার্থী হতে আগ্রহ না প্রকাশ করার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেউ প্রার্থী হতে না চাইলে জোর করে তো কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।’ ভয়ভীতির কারণে এমনটি হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে গতকালের সংবাদ সম্মেলনে কারা বা কোন দল প্রার্থীদের হুমকি দিচ্ছে, এই প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, ‘আমরা কোনো দলকে উদ্দেশ করে কিছু বলছি না। যারা এসব কাজ করে, তারা সন্ত্রাসী। আমরা সন্ত্রাসীদের কথা বলছি।’
সংবাদ সম্মেলন শেষে অন্তত তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাঁদের প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে এবং এলাকায় যেতে বারণ করা হচ্ছে। সে কারণে তাঁরা এখন রাঙামাটি শহরে থাকছেন। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে তাঁদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হবে না বলে তাঁরা জানান।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের কোনো প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এ রকম কিছু তিনি শোনেননি। নির্বাচনে পরিবেশ নিয়েও কেউ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি।
এবারও রাঙামাটির ২৭টি ইউপিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। বৈরী রাজনৈতিক পরিবেশ ও সরকারি দলের বেপরোয়া আচরণের কারণে জেলার ২৭ ইউপিতে চেয়ারম্যান পদে দলের কেউ প্রার্থী হতে চাননি বলে জানান রাঙামাটি বিএনপির সভাপতি মো. শাহ আলম।