আবারও মধ্যবর্তী নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আবারও মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, সেই নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাই অবৈধ সরকারকে পদত্যাগ করে এখনই নির্বাচন দিতে হবে। না হলে গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামানো হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন পালন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় একটি হোটেলে জন্মোৎসবের আয়োজন করে। এতে ৬৯ পাউন্ডের কেক কাটা হয়।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ভালো করেই জানে, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন হলে তারা কখনো জিততে পারবে না। এ জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার মানতে চায় না। তারা নিয়মরক্ষা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে আরেক দফা বাকশাল কায়েম করতে চায়।’
মির্জা ফখরুল বলেন, এ জন্য সরকার সম্প্রচার নীতিমালা তৈরি করে গণমাধ্যমের মুখ বন্ধ করে দিতে চায়। অবিলম্বে সম্প্রচার নীতিমালা বাতিল না করলে আন্দোলনের মাধ্যমে তা বাতিল করতে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, পেশাজীবী পরিষদের নেতা এম এইচ আলমগীর পাভেল প্রমুখ।