আবারও সংলাপের আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই মুহূর্তে কার্যকর সংলাপের’ উদ্যোগ নিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি ‘বিজয় না আসা পর্যন্ত’ অবরোধ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আবারও আহ্বান জানাচ্ছি, একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে এই মুহূর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করুন। উৎপীড়ন, পরিকল্পিত নাশকতা, প্রকাশ্যে গুলি করে অবরোধকারীদের হত্যা আর ধরপাকড়ের পথ থেকে সরে আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিন।’
বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার যে হুমকি দিয়েছেন, সেটি নজিরবিহীন ও আতঙ্কজনক। বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোকদের বসিয়ে এসব বাহিনীকে গণশত্রুতে পরিণত করা হয়েছে। তিনি বলেন, ‘বিজিবির দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া। প্রায় প্রতিদিনই সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে। ফেলানীর লাশ যখন কাঁটাতারের ওপর ঝোলে তখন এ ধরনের মহাপরিচালকরা নিশ্চুপ থাকে। কিন্তু জনগণের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে এরা দ্রুত তৎপরতা দেখায়।’
এই সরকার এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বলে দাবি করে রিজভী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় গেলে কারও প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবে না। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।