আবারও সাংবাদিকদের কড়া সমালোচনায় সমাজকল্যাণমন্ত্রী
আবারও গণমাধ্যম ও সাংবাদিকদের কড়া সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। নরসিংদীতে গতকাল বুধবার সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ করে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন তিনি। সার্কিট হাউস মিলনায়তনে গতকাল দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
সভায় সৈয়দ মহসিন আলী বলেন, ‘আমি সাইফুর রহমানের মতো অর্থমন্ত্রীকে ৪০ হাজার ভোটে ডুবিয়ে দিয়েছি। সে সময় আমার কিছুই ছিল না। আজ মন্ত্রিত্ব হয়েছে। এখন আর আমার এলাকায় কেউ দাঁড়াতেই সাহস পায় না।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় আগামী তিন বছরের মধ্যে মাথাপিছু আয় ১ হাজার ২০০ থেকে ২ হাজার ডলারে পৌঁছে দিতে কাজ করছে। সে লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। বক্তব্যের এ পর্যায়ে এসে মন্ত্রী বলেন, ‘আপনারা তো শুধু দেশের ক্ষতি করছেন। রানা প্লাজার ঘটনা ফলাও করে প্রকাশ সারা বিশ্বে আমাদের ছোট ও হেয়প্রতিপন্ন করেছে।... আপনারা যে গণমাধ্যমে লাশের ভিডিও দেখিয়েছেন, তার জন্য আমাদের কোটা পদ্ধতি তুলে নিল আমেরিকা।’
সাংবাদিকেরা যা ইচ্ছা তাই লিখতে পারেন না—এমন মন্তব্য করে মহসিন আলী বলেন, ‘একজন মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে যাবেন, আর আপনাদের ছেড়ে দেওয়া হবে, সেটা ভাববেন না। তাই খুব সতর্কতা নিয়ে লেখালেখি করেন।’
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, সমাজসেবা অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের উপপরিচালক আরিফ খান প্রমুখ।
পরে মন্ত্রী কিশোরগঞ্জ যান।