আবু হেনা, শহীদুল ও নাসিম একই বলয়ের!
বিএনপির সাবেক সাংসদ আবু হেনা ও শহীদুল হক জামাল এবং নিজেকে একই বলয়ের বলে দাবি করেছেন ‘আসল বিএনপির’ মুখপাত্র বলে দাবি করা কামরুল হাসান নাসিম। তিনি বলেন, ‘আমরা একই বলয়ের। কিন্তু আমাদের চেষ্টা আলাদা।’
আজ মঙ্গলবার বেলা একটা ১৭ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমসাময়িক রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকরী প্রস্তাবনা’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে প্রথম আলোকে এসব কথা বলেন নাসিম।
কামরুল হাসান নাসিম বলেন, ‘এক-এগারোর সময় বিএনপির বেশ কিছু নেতা দলের ভেতর সংস্কার আনার চেষ্টা করেছিলেন। কেউ করেছিলেন বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। আবার কেউ করেছিলেন দলের ভেতর থেকেই আদর্শিক জায়গা থেকে। সেটা যেকোনো কারণে সফল হয়নি। আবু হেনা ও জামালরা যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি ভাঙার চেষ্টা করছেন, তার সঙ্গে আমরা একমত না। তবে আমরা একই বলয়ের। আমাদের চেষ্টাটা আলাদা।’
এর আগে প্রস্তাবনা অনুষ্ঠানে কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপিকে মুসলিম লীগ করার চেষ্টা বরদাশত করা হবে না। দলের কর্মকাণ্ডে হতাশ হয়ে যাঁরা এই যড়যন্ত্রে রয়েছেন, তাঁদের সতর্ক করে বলতে চাই, অপেক্ষা করুন, আপনারা সবাই মূল্যায়িত হবেন। আগামী জুলাই মাসে কাউন্সিল হবে। আগামী ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ হবে। ওই দিন প্রমাণ করবে বিএনপি কত বড় রাজনৈতিক শক্তি।’
লিখিত বক্তব্যে নাসিম আরও বলেন, এ বছরের শেষার্ধে ভোট, না ভাত—এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি ‘ভোট’-এর পক্ষেÿ সমর্থন পড়ে, তবে সরকারকে আগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আর যদি ‘ভাত’ জিতে যায়, তবে ২০১৯ সাল পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এ ছাড়া সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড বন্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি করার প্রস্তাব করেন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নাশকতার মাস্টারমাইন্ডকে ধরে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান।
বিএনপিকে ভেঙে ‘নতুন বিএনপি’ গড়ার লক্ষ্যে গোপনে তৎপরতা চলছে বলে জানা গেছে। আর এ ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে।
নতুন বিএনপি গড়ার এই উদ্যোগে এখন পর্যন্ত সামনে আছেন বিএনপির সাবেক দুই সাংসদ আবু হেনা ও শহীদুল হক জামাল। তাঁরা প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করেছেন। তাঁদের দাবি, বিএনপির সাবেক বেশ কয়েকজন সাংসদ তাঁদের সঙ্গে আছেন।
এর মধ্যে গত ৪ জানুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করার একপর্যায়ে বলেছিলেন, ‘ওনার দলের অনেক সাবেক এমপির সঙ্গেও আমার কথা হয়েছে। তাঁরাও এ রকম কর্মকাণ্ড পছন্দ করছেন না।’
প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিয়ে বিএনপির নেতাদের মধ্যে কানাঘুষা শুরু হয়। গুরুত্বপূর্ণ সরকারি একটি সূত্র থেকে জানা যায়, মূলত আবু হেনা ও শহীদুল হক জামাল প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন।