খুলনা নগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবুল হোসেন ও তরিকুল ইসলাম। আট বছর পর গতকাল শুক্রবার সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।
নগরের জাতিসংঘ শিশু পার্কে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টি এমনই একটি দল, যার শক্তি জনগণ। পার্টি টিকে আছে সমাজের গরিব ও নিরীহ জনগণ দ্বারাই। তাই গ্রামাঞ্চলের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। সভাপতিত্ব করেন পার্টির যুগ্ম মহাসচিব ও নগর জাপার সভাপতি শেখ আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি শফিকুল ইসলাম, জাতীয় আইনজীবী পার্টি খুলনার আহ্বায়ক মঞ্জুরুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।