আব্দুল্লাহপুর ইউপির উপনির্বাচনে প্রার্থী নেই বিএনপির!
ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২০ মার্চ। এদিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. অহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী এস কে এম সেলিম ও সাবেক চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. শামসুল হক ফৌজদার জানান, চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একজন আওয়ামী লীগের ও অপর দুজন স্বতন্ত্র প্রার্থী। ২৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ এপ্রিল ভোট গ্রহণ হবে।
এদিকে ২০ মার্চ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরের দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. অহিদুল আলম মনোনয়নপত্র জমা দেন।
অহিদুল আলম সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের জোয়ার বইছে। সেই জোয়ার আব্দুল্লাহপুর ইউনিয়নে ছড়িয়ে দিতে দলের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হতে ফরম জমা দিয়েছি।’
বিকেলে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এস কে এম সেলিম। তিনি বলেন, ‘দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। বিশ্বাস ছিল দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ব। কিন্তু দলের কিছু নেতার অসহযোগিতার কারণে মনোনয়নবঞ্চিত হলাম। দলীয় প্রতীক থেকে বঞ্চিত করলেও আব্দুল্লাহপুরবাসী আমাকে বঞ্চিত করবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব।’
একই সময় মনোনয়ন ফরম জমা দেন সাবেক চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। উল্লেখ্য, ইউনিয়নের চেয়ারম্যান মো. হোসেন আলীর মৃত্যুতে আব্দুল্লাহপুরের চেয়ারম্যানের পদ শূন্য হয়।