ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচন কমিশনে থাকা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে এই মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষ করতে বলা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। মনোনয়নপত্র জমা না নেওয়া ও যাচাই-বাছাইয়ের জন্য না পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার রিটটি করেন মির্জা আব্বাস।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান ও আনিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
পরে আইনজীবী এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা-৯ আসন থেকে সংসদ নির্বাচনের জন্য মির্জা আব্বাস গত ২৮ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র নিয়ে গেলে সময় শেষের দোহাই দিয়ে তা জমা নেওয়া হয়নি। এরপর ১ ডিসেম্বর মনোনয়নপত্রটি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটটি করা হয়। আদালত রুল দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) মনোনয়নপত্রটি যাচাই-বাছাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন।