আমতলীতে বাসে টেম্পোশ্রমিকদেরহামলা, আহত ১০
বরগুনার আমতলী উপজেলার বাঁধঘাট এলাকায় গতকাল শনিবার দুপুরে যাত্রীবাহী বাসে মাহেন্দ্র টেম্পোশ্রমিকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শ্রমিক, যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুয়াকাটা থেকে পটুয়াখালীগামী একটি বাস বাঁধঘাট এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় মাহেন্দ্র টেম্পোর শ্রমিকেরা ওই স্থানকে তাঁদের স্ট্যান্ড দাবি করে যাত্রী তুলতে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে টেম্পোশ্রমিকেরা বাসের সহকারী ইমরানকে (২৫) মারধর শুরু করেন। তাঁকে রক্ষায় এগিয়ে এলে রাসেল ও আবুল নামের দুজন বাসশ্রমিককে মারধর করা হয়। টেম্পোশ্রমিকেরা দুটি বাস ভাঙচুর করেন। এতে তিন শ্রমিক, শিশুসহ সাত যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বাসশ্রমিকেরা সড়কের ওপর এলোপাতাড়ি বাস রেখে অবরোধ সৃষ্টি করে যোগাযোগ বন্ধ করে দেন। পরে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাসশ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেন। এতে বরগুনা, পটুয়াখালীসহ অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা ছয়টায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তা প্রত্যাহার করা হয়।
বরগুনা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হাসান মৃধা অভিযোগ করেন, মাহেন্দ্র টেম্পো মালিক সমিতির সভাপতি খোকন মৃধার নেতৃত্বে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
খোকন মৃধা বাস ভাঙচুর ও শ্রমিক মারধরের কথা অস্বীকার করে বলেন, বাসমালিক-শ্রমিকেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।