আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে শুভেচ্ছা জানাতে যাবে কি না, সে ব্যাপারে আমন্ত্রণ পেলে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে পুরোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাদের এই সম্মেলনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব, তাদের এই সম্মেলন সফল হবে। বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে।’ তিনি বলেন, ‘এখনো আমরা আমন্ত্রণ পাইনি। শুভেচ্ছা জানাতে যাব কি না, আমন্ত্রণ পেলে সিদ্ধান্ত নেব।’
মির্জা ফখরুল থাইল্যান্ডের প্রয়াত রাজা ভুমিবলের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে বারিধারার থাই দূতাবাসে গিয়ে শোকবইতে স্বাক্ষর করে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় দেশে ‘গণতন্ত্রহীন অবস্থা’ চলছে বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন আধিপত্যবাদের কলোনিতে পরিণত হয়েছে।
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাসাস নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।