আমন্ত্রিত না হয়েও ঢাকায় অনুষ্ঠেয় ফরিদপুর জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতা-কর্মীদের একাংশ। ৩০ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাসানী হলে এ সম্মেলন হওয়ার কথা।
এদিকে সীমিতসংখ্যক নেতাকে নিয়ে ফরিদপুরে স্থগিত হওয়া সম্মেলন ঢাকায় করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা তৃণমূল নেতা-কর্মীদের জবাবদিহির ভয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে সম্মেলন স্থানান্তর করেছেন।
জেলা যুবদলের সভাপতি আফজল হোসেন বলেন, ‘তৃণমূলকে বাদ দিয়ে তৃণমূল সম্মেলন হতে পারে না। গত বুধবার রাতে ফরিদপুরের চকবাজারে আমরা আশি ও নব্বইয়ের দশকের ছাত্রদল নেতারা সভা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, ঢাকার সভায় ডাকা না হলেও আমরা ৫০ জন তৃণমূল নেতা সেখানে যোগ দিতে যাব। সম্মেলনকক্ষে ঢুকতে দেওয়া না হলে আমরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হব।’
জেলার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম ও অবরোধের কারণে বর্তমান সরকারের শাসনামলে গত আট বছরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা হয়েছে। এতে তৃণমূলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন ও ছাত্রদলের সভাপতি বেনজীর আহমদের বিরুদ্ধে ১৭টি করে মামলা হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে ১৪টি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। ওই সময়ে জেলা বিএনপির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে শুধু সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তাঁকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘আমরা যাঁরা আন্দোলন-সংগ্রাম, হরতাল ও অবরোধে ভূমিকা রেখেছি; হামলা, মামলা ও জেল-জুলুম সহ্য করেছি; তাঁদের দাবি, আমাদের নিয়েই তৃণমূল প্রতিনিধি সম্মেলন করতে হবে। ঢাকায় সম্মেলনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।’
১৪ নভেম্বর ফরিদপুরে বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর জের ধরে ১৩ নভেম্বর রাতে সম্মেলন স্থগিত করা হয়। পরে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বাসায় তাঁর সভাপতিত্বে সভা হয়। সেখানে ফরিদপুরের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির পাঁচজন করে সদস্য তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিএনপির সূত্র জানায়, হাফিজের বাসায় মঙ্গলবারের সভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সৈয়দ একরামুল হক, সদস্য শাহ মো. আবু জাফর, আবুল হোসেন ও ইয়াসমিন আরা হক এবং জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ছিলেন।
খন্দকার মাশুকুর রহমান বলেন, ‘১৪ নভেম্বর ফরিদপুরে সম্মেলন স্থগিত হলে ওই দিনই হাফিজ উদ্দিন ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। ম্যাডাম তৃণমূল নেতাদের ঢাকায় ডাকতে বলেন। এ বিষয়ে হাফিজ উদ্দিন পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সঙ্গে কথা বলেন। তাঁরা জেলা, উপজেলা ও পৌরসভার পাঁচজন করে নেতাকে ডাকার পরামর্শ দেন।’