আমরা কঠিন পরিস্থিতিতে আছি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নামে-বেনামে মামলা দেওয়ায় বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আমরা যে কত কঠিন পরিস্থিতিতে আছি, না জানলে তা কেউ বিশ্বাস করতে পারবে না।’
বড়দিন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার বিএনপির নেতাদের নামে মামলা দিয়ে ওই মামলায় অজ্ঞাতনামা আসামি রাখছে। পরে ওই অজ্ঞাতনামায় আবার বিএনপির অনেক নেতার নাম ঢোকানো হচ্ছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, তাঁদের দলের নেতা-কর্মীদের প্রত্যেকের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ৫৯টি মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন খুন, গুম হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ‘গুন্ডা লীগ’ এসবে জড়িত। তারা ধরা পড়ে না, ধরা পড়লেও ছাড়া পেয়ে যায়।
সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ২০১৫ সাল গণতন্ত্র ও উন্নয়নের বছর হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ হিসেবে দেশ গড়ে উঠবে।
বিএনপির চেয়ারপারসন দাবি করেন, দেশে এখন কোনো শান্তি নেই। মানুষ কর্মহীন। মানুষের এখন ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই। বিএনপি ক্ষমতায় গেলে দেশ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট ডি কস্তার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, এম কে অনোয়ার, আবদুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন।