আমরা কাঁদতে ভুলে গেছি: কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতা-কর্মীদের নির্যাতন দেখে আপনার চোখে জল আসে। ৪১ বছর ধরে কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে। আমরা কাঁদতে ভুলে গেছি।’
দলের নেতা-কর্মীদের বর্তমান অবস্থা বর্ণনা করার সময় গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে কেঁদে ফেলেন বিএনপির মহাসচিব। আজ বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওই আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘নেতা-কর্মীদের নির্যাতন দেখে আপনার (মির্জা ফখরুল ইসলাম) চোখে জল আসে। ৪১ বছর ধরে আমরা শুধু কাঁদছি। আমাদের চোখের জল শুকিয়ে গেছে। আমরা কাঁদতে ভুলে গেছি। পঁচাত্তর থেকে ৪১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্তে রঞ্জিত আপনাদের হাত। এখন কার জন্য মায়াকান্না করছেন?’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামের দলের মুড হচ্ছে নন-ইস্যুকে ইস্যু এবং বিতর্ক সৃষ্টি করা। বিতর্কই এখন বিএনপির প্রাণ। আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আজ আসে না। বিএনপির আন্দোলনের ডাক এখন হাসি-মশকরার বিষয় হয়ে গেছে। তিনি বলেন, ‘রোজার পর, পরীক্ষার পর, ঈদের পর সর্বাত্মক আন্দোলন হবে। আন্দোলন আর আসে না। এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?’
সেতুমন্ত্রী বলেন, যাঁর নিজের ঘরে ঐক্য নেই, তিনি দিচ্ছেন জাতীয় ঐক্যের ডাক। বিএনপি নেত্রী গণতন্ত্রের জন্য চাপ দিচ্ছেন। যাঁর নিজের দলেই গণতন্ত্র নেই, তিনি কীভাবে দেশে গণতন্ত্র করবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আজিজুল হক।