আমরা জনগণ-নির্ভর বিএনপি চাই: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তাঁরা ‘সন্ত্রাস নির্ভর’ বিএনপি চান না; ‘জনগণ-নির্ভর’ বিএনপি চান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যগাথা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্যই প্রমাণ করছে, বেগম জিয়া সহসাই দেশে ফিরে নাও আসতে পারেন। আমরা শক্তিশালী দল চাই। রাজপথেও শক্তিশালী দল চাই। আমরা সংবাদ সম্মেলন নির্ভর বিএনপি চাই না। সন্ত্রাস নির্ভর বিএনপিও চাই না। আমরা জনগণ নির্ভর বিএনপি চাই।’
হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। জানতে পারলাম, খালেদা জিয়া লন্ডনের হাইড পার্কে আগামী ২৭ তারিখে নাকি একটি জনসভা করবেন? বিএনপির কেউ কেউ এবং সাংবাদিক বন্ধুরা এমন কথা বলছেন। সেখানে নাকি বেগম জিয়া কর্মসূচি ঘোষণা করবেন? কারণ তিনি বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করতে পারবেন না। এর আগে বাংলাদেশে মানুষ মারার কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচি ব্যর্থ হয়েছে। ব্যর্থ কর্মসূচি নিয়ে শূন্য হাতে ঘরে ফিরে নিজেকে বন্দী করে রেখেছিলেন।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিদেশি হত্যা এই ষড়যন্ত্রেরই অংশ। বিদেশি হত্যার পর সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য সরকারের প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ।’
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।