আমরা নামমাত্র বিরোধী দলে আছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা বিরোধী দলে রয়েছি নামমাত্র। বিরোধী দলের যে ভূমিকা, তা আমরা পালন করতে পারছি না। তাই আমাদের মন্ত্রীদের পদত্যাগ করা উচিত।’
গতকাল সোমবার সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, জাপার দু-একজন লাঙল মার্কা নিয়ে মন্ত্রী হয়ে এখন জনসভায় বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আওয়ামী লীগের স্লোগান, জাতীয় পার্টির নয়। জাপার স্লোগান হচ্ছে জাতীয় পার্টি জিন্দাবাদ। জাতীয় পার্টির স্লোগান দিতে তাঁরা এখন কুণ্ঠাবোধ করেন। এটা অত্যন্ত লজ্জাজনক।
এরশাদ আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে সেনাপ্রধান দল করে এত দিন টিকে থাকতে পারে না। আমিই একমাত্র যে বেঁচে আছি এবং একটি দলের প্রধান। এর কারণ মানুষের ভালোবাসা। কারণ, আমি মানুষের কখনো ক্ষতি করিনি।’
সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে নিজ দল-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি প্রসঙ্গে এরশাদ বলেন, এটা কোনো দলের বা লাঙল
মার্কার নির্বাচন নয়। তাই এ পরাজয় হিসাব করে লাভ নেই। এটা জাতীয় পার্টির জনপ্রিয়তার মাপকাঠি নয়।
বিএনপি সম্পর্কে এরশাদের দাবি, ‘বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে। বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে, তার প্রতিদান এখন তারা পাচ্ছে।’
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শাহনাজ বেগম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াছির প্রমুখ।