জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে স্বৈরাচার বলা হয়, অথচ আমার আমলে মানুষ গুম হয়নি, সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরা হয়নি। কিন্তু বর্তমান সময়ে প্রতিদিন ঘটছে গুম ও খুনের ঘটনা। মানুষ বলতে পারছে না, লিখতে পারছে না। আমরা বন্দী জীবন যাপন করছি।’
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-ভাইস চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য নেতা।
বিএনপির আমলে তাঁকে জেল খাটানোর সমালোচনা করে এরশাদ আরও বলেন, ‘জোর-জুলুম সত্ত্বেও মনোবল হারাইনি, আমার স্বপ্ন আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখা।’
সম্মেলনে আবদুস সাত্তার মিয়াকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়।