আমরা ভীত, ১৪ দলকে সংখ্যালঘু নেতারা
‘এটা ভুলে গেলে চলবে না, আমি একজন সংখ্যালঘু। মুখে বড় কথা বললে হবে না, ছোট্ট সম্প্রদায় হিসেবে আমরা ভীত।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া। তবে গুপ্তহত্যার বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসাও করে অন্যরা বলেছেন, সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা পরিবেষ্টনী তৈরির কথা।
আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের নেতারা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অসীম রঞ্জন তাঁদের উদ্বিগ্নের কথা তুলে ধরেন।
পুলিশের ব্যাপারে অসীম রঞ্জন বড়ুয়া বলেন, ‘১৪ দলের নেতাদের বলব, আপনারা পুলিশকে থামান। পুলিশ মনে হয় একটু বেশিই করছে।’ তাঁর কথার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলেই অবশ্যই ব্যবস্থা নেব।’
মতবিনিময় সভায় গুপ্তহত্যার বিষয়ে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল, অশুভ শক্তি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য হয়তো আপনারা উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। তবে সরকার যেভাবে প্রচেষ্টা করছে, তা অব্যাহত রাখলে এদের প্রতিরোধ করা যাবে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চারজন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষকে হত্যার শিকার হতে হয়েছে বলে উল্লেখ করেন নির্মল রোজারিও।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব অশোক বড়ুয়া বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে টার্গেট কিলিং হচ্ছে, এ জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় প্রশাসন তৎপর আছে। তবে শুধু প্রশাসন নয়, আমরা সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা পরিবেষ্টনী চাই। আশা করি, ১৪ দল আমাদের সঙ্গে থাকবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা এই দেশের সন্তান। এখানেই আমাদের বাঁচতে হবে। আমাদের পা দুই নৌকায় নেই। অর্থাৎ দুই দেশে নেই। আমাদের পা দুটোই বাংলাদেশে। কোনো দেশে গিয়ে আমরা উদ্বাস্তু হিসেবে যেতে চাই না। যদিও কোনো কোনো দেশ মানবাধিকারের প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আমরা সেই দেশে গিয়ে উদ্বাস্তু হতে পারি না।’
গুপ্তহত্যার বিষয়ে পুলিশের সাবেক ডিআইজি পিয়ার বড়ুয়া বলেন, পুলিশকে আরেকটু সক্রিয় হতে হবে। শুধু ঢাকা কিংবা চট্টগ্রামে নয়, সব জেলা ও উপজেলায়ও আরও সক্রিয় হতে হবে।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, ‘বিচ্ছিন্ন দু-একটি হত্যায় আমরা ভয় পাই না। এই সরকার ও দলের আমলেই আমরা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউরড। এই সরকারই আমাদের বন্ধু সরকার।’ বরিশালের একটি জমি দখল করে নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘কূটনীতিকদের কোনো সভায় বসলে এসব ঘটনা আমাদের বিব্রত করে।’
বুড্ডিস্ট ফেডারেশনের নেতা বিপ্লব বড়ুয়া বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে স্থানীয় পর্যায়ে ক্ষমতায়ন করতে হবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা শেষ করতে হবে। এ জন্য আন্তধর্ম সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া সবক্ষেত্রে ব্যর্থ হয়ে সংসদ হারিয়ে টার্গেট কিলিং করে সরকারকে বিব্রত করতে চায়। তারা প্রমাণ করতে চায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। কিন্তু এখানেও তারা ব্যর্থ হয়েছে। মানুষকে হত্যা করে, ভয় দেখিয়ে জয় করা যায় না। একাত্তর সালে সেটা প্রমাণ হয়েছে।’
মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।