আমরা মানুষ খুন করিনি, আমাদের হাতে রক্তের দাগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, দলকে আরও সংগঠিত করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক কমিটি করতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে, কেউ ভোট ডাকাতি করতে চাইলে প্রতিহত করতে হবে।

আজ মঙ্গলবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন সিটির এক্সপো জোনে আয়োজিত দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।

উদ্বোধনী বক্তৃতায় এরশাদ আরও বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামল না এলে বাংলাদেশ অন্ধকারেই নিমজ্জিত থাকত। ব্রিটিশ বা পাকিস্তান আমলের অবস্থাতেই থেকে যেত বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা উন্নয়ন করেছি, আমরা লুটপাট করিনি। আমাদের দেশ পরিচালনায় খুন, গুম, সন্ত্রাস ছিল না।’ 

এরশাদ বলেন, ‘আমরা মানুষ খুন করিনি। আমাদের হাতে রক্তের দাগ নেই। তাই দেশের মানুষ আমাদের ভালোবাসে, মানুষ আবারও জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে তথ্য প্রযুক্তিনির্ভর প্রচারণায় আমরা সাধারণ মানুষের কাছে যাব। নতুন ভোটারদের আকৃষ্ট করব। নির্বাচনে বিজয়ী হয়ে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করব, মানুষের মুখে হাসি ফোটাব আমরাই।’
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমার মতো নির্যাতিত নেতা আর কেউ নেই। এত নির্যাতনের পরও শুধু আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসায় বেঁচে আছি। মানুষ আমাদের ভুলে যায়নি, আমরা ক্ষমতায় যেতে এখন প্রস্তুত।’
এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে ৫ হাজার ৮৮টি এবং আওয়ামী লীগ ৬ হাজার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে। কিন্তু আমার নামের মামলাগুলো এখনো আছে। কারণ, জাতীয় পার্টিকে সবাই ভয় পায়, সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান আছে।’ বলেন, ‘আমি নিশ্চিত সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মানুষের ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাবে।’
‘জাতীয় নির্বাচনে আধুনিক ও তথ্য প্রযুক্তিনির্ভর প্রচারণা শুরুর আগে কর্মসূচিভিত্তিক আলোচনা ও পর্যালোচনা বিষয়ক’ কর্মশালায় বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন এরশাদের তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, আজম খান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সাংসদ কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, শামিম হায়দার পাটোয়ারী প্রমুখ।
এ ছাড়া ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, হাসান সিরাজ সুজা, নাজমা আক্তার, মেজর (অব.) আশরাফ উদ দৌলা।

কাল এরশাদের সংবাদ সম্মেলন
কাল বুধবার কর্মশালার সমাপনী দিনে বিকেল ৫টায় বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তথ্য প্রযুক্তিনির্ভর নির্বাচনী প্রচারণা, বর্তমান রাজনীতি এবং জাতীয় নির্বাচন বিষয়ে কথা বলবেন। বিজ্ঞপ্তি