সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বক্তব্য দেওয়ার আগে ভুপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য...’ গানটি গেয়ে শোনান। তারপর বলেন, ‘গানের কথার মতো আমরাই দানব হয়ে যাচ্ছি।’
গতকাল রোববার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন আইন ও নীতি এবং সামাজিক এবং অর্থনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা-বিষয়ক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী প্রশাসনে যাঁরা আছে তাঁদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,‘মানুষকে সেবা করুন।’
কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সব মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর। এ ছাড়া উপাস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।