আমাকে গ্রেপ্তার করলে এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আমাকে গ্রেপ্তার করে দেখুন, এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় থাকতে পারলে হাতে চুড়ি পরব।’
গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে নিজ দলের এক সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। ১৫তম ‘ভোট ডাকাতি দিবস’ উপলক্ষে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ আনেন কাদের সিদ্দিকী। সেই থেকে প্রতিবছর দিনটিকে ‘ভোট ডাকাতি দিবস’ পালন করে আসছেন তিনি।
প্রতিবাদ সভায় কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকারকে রাজাকার বলায় শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি যত দিন বেঁচে আছি, রাজাকারকে রাজাকারই বলে যাব। আমার কাছে বাড়ি, জনসভা ও জেলখানা একই কথা।’ বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে িতনি বলেন, ‘আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে গামছায় যোগ দিন।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি হাবিবুর রহমান বীর প্রতীকসহ দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।
১১ নভেম্বর মঙ্গলবার কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।
রুহুল আমিন মজুমদার নামের এক ব্যক্তি গত বছরের ১৯ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলেছিলেন। এরপর ১৮ মার্চ কাদের সিদ্দিকী এ মামলায় জামিন পান। কিন্তু এরপর মামলায় বাদী ও বিবাদী কেউ আর আদালতে হাজির না হওয়ায় গত মঙ্গলবার আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।