আমাকে নয়, জনগণকে খুশি করুন: কাদের

দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাকে খুশি করতে হবে না, জনগণকে খুশি করুন। মানুষের মন জয় করুন। দুই বছর পর জাতীয় নির্বাচন। এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে। পাড়া-মহল্লা আর গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকসহ সভা-সমাবেশ করে আওয়ামী লীগের সফলতার কথা তুলে ধরুন।’
আজ শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক পথসভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সড়কে সভা করে জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই এমন সভা ভবিষ্যতে করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের সভায় আমি দাঁড়াব না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।