আমাকে ব্যর্থ ও অজনপ্রিয় করার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেছেন, একটি পক্ষ তাঁকে ব্যর্থ ও অজনপ্রিয় করার চেষ্টা করছেন। এটি করতে গিয়ে ওই পক্ষটি চট্টগ্রাম নগরসহ পুরো দেশের ক্ষতি করছে।

আজ সোমবার চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেয়র নাছির উদ্দীন। ‘চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা নীতিমালা’ প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিটি করপোরেশনের গৃহকর নিয়ে একটি পক্ষ জলঘোলা করছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করছে তাঁরা। যাতে আমি কাজ করতে না পারি। আমার টাকা পয়সা না থাকলে কাজ করতে পারব না। বেতন দিতে পারব না। তাহলে আমি ব্যর্থ হব, আন পপুলার (অজনপ্রিয়) হব। তাঁরা মনে করছেন, আমি ব্যর্থ হওয়া মানে তাদের সফলতা। কিন্তু আমি আ জ ম নাছির উদ্দীনকে ব্যর্থ করতে গিয়ে পুরো চট্টগ্রাম শহরকে ক্ষতিগ্রস্ত করছে, বাংলাদেশের ক্ষতিগ্রস্ত করছে—এই চিন্তা তারা করছেন না। কীভাবে আ জ ম নাছিরকে বেকায়দায় ফেলা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায় এই চেষ্টায় আছেন অনেকে।’

গত ১৯ মার্চ চট্টগ্রামে এক অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী হোল্ডিং ট্যাক্স না বাড়াতে মেয়রের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। নগরে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাড়ালে সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই মেয়রকে অনুরোধ, বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত বন্ধ করুন। সদিচ্ছা থাকলে ট্যাক্স না বাড়িয়ে আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে নগরের উন্নয়ন করা সম্ভব।’

এ দিকে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো প্রণয়ন করা শিক্ষা নীতিমালা আগামী জুলাই থেকে বাস্তবায়ন করা হবে জানান মেয়র আ জ ম নাছির। সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-বৈষম্য, টাইম স্কেল, পদোন্নতি, স্থায়ীকরণ, জ্যেষ্ঠতা ইত্যাদি নিয়ে অসন্তোষ দূর করার জন্য এ নীতিমালা প্রণয়ন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, লোকাল কাউন্সিলস সার্ভিস রুলস-১৯৬৮,২০১০ সালে প্রণীত শিক্ষা নীতিমালা এবং ৮ম জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ১১৪ পৃষ্ঠার এই নীতিমালায় ২৬টি অধ্যায় রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, সদস্য ও সিটি করপোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, বিজয় সরণি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ও এস মোস্তফা আলম সরকার, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে সিটি করপোরেশন ২১টি কলেজ, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়,২টি প্রাথমিক বিদ্যালয়,৭টি কিন্ডারগার্টেন, একটি কম্পিউটার ইনস্টিটিউট,৬টি কম্পিউটার কলেজ পরিচালনা করে।

নতুন নীতিমালা প্রণয়নের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং সেখানে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবীণ শিক্ষাবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।