দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ১/১১-এর সময় এরশাদ জেলের হাত থেকে বাঁচতে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। এরশাদের সঙ্গে আলোচনা করে দলীয় সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
সম্প্রতি জামালপুর ও শেরপুরে দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে পৃথক অনুষ্ঠানে জাপার চেয়ারম্যান এরশাদ বলেন, ১/১১-এর ভূমিকার জন্য আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত। ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে মিলে তাঁকে সরিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন আনিসুল।
এর প্রতিক্রিয়ায় মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, তখন এরশাদের ‘নির্দেশে’ তাঁকে ‘রক্ষা’ করতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়েছিলেন। এটা না করা হলে ‘মাইনাস থ্রি’ হতো। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো এরশাদকেও জেলে যেতে হতো। তখন এরশাদ এক-এগারোর কুশীলবদের সঙ্গে সমঝোতা করে ‘স্টেপ ডাউন’ করেন, যাতে তাঁকে গ্রেপ্তার না করা হয়।
জাপার এই নেতা বলেন, ‘এরশাদ তাঁর ছেলে এরিকের নামে যে স্থায়ী আমানত করেছেন (এফডিআর), তার বৈধ অভিভাবক হিসেবে আমাকেই রেখেছেন। সেখানে কিন্তু তিনি তাঁর ভাই জি এম কাদেরকে আইনি অভিভাবক করেননি। অথচ এখন জি এম কাদেরের কথায় তিনি জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে বলেন। আবার এরশাদই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জি এম কাদেরকে মন্ত্রী করতে বলেছেন।’
এরশাদ তাঁর ছেলের নামে কত টাকার স্থায়ী আমানত করেছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে এফডিআর করেছেন। তাই টাকার পরিমাণ তাঁর মনে নেই। মোট পাঁচ কোটি টাকার এফডিআর কি না, সে সম্পর্কে তিনি বলেন, এটা তিনি বলতে পারছেন না।
এরশাদের বক্তব্যের জবাব দিতে আনিসুল ইসলাম মাহমুদ এই সংবাদ সম্মেলন ডাকলেও প্রায় ৫৫ মিনিটের বক্তব্যের বেশির ভাগ সময়জুড়ে ছিল জি এম কাদেরের ভূমিকার কঠোর সমালোচনা।