আমাদের কারণে ওয়ান-ইলেভেন এসেছিল: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) কারণে ‘ওয়ান-ইলেভেন’ এসেছিল বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ দাবি করেন।
এরশাদ বলেন, ‘ওয়ান-ইলেভেন এল কেন? আমাদের কারণে। আন্দোলন হলো “নো এরশাদ”, “নো ইলেকশন”। ইলেকশন হলো না। ওয়ান-ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচন হলো।’ তাঁর দাবি, তিনি ‘ডার্টি পলিটিকস’ (নোংরা রাজনীতি) করেন না। যেটা সত্য, সেটা বলেন।
আগামী ১৪ মে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে জাপার কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যের শুরুতে এরশাদ জানিয়ে দেন, এবারের সম্মেলনে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পদে যাঁরা আছেন, তাঁরাই থাকবেন, কোনো পরিবর্তন হবে না।
সভায় দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ তাঁর অনুসারী কোনো নেতা উপস্থিত ছিলেন না। এরশাদ তাঁর বক্তৃতায় বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই যাতে দলে কোনো বিভক্তি না থাকে।’ তিনি বলেন, ‘একান্নবর্তী পরিবারে যে সুখ, একক পরিবারে সেই সুখ হতে পারে না। আমরা একান্নবর্তী পরিবার হতে চাই।’
এরশাদ বলেন, ‘এই দেশে একটা কথা আছে, যে দল ক্ষমতায় থাকে পরবর্তীতে তারা ক্ষমতায় থাকে না। বিরোধী দল ক্ষমতায় আসে। আমরা সেই বিরোধী দল হতে পারিনি। গৃহপালিত বিরোধী দল হয়েছি। যদি সত্যিকার বিরোধী দল হতে পারতাম, আমরা ক্ষমতায় আসতে পারতাম।’ তিনি বলেন, ‘বিএনপি যেসব অপকর্ম করেছে, তার সঠিক জবাব পাচ্ছে এখন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর সঠিক বিচার হয়েছে, তাই বিএনপির আজ এই অবস্থা।’
কার্যনির্বাহী সংসদের সভার আগে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়। এতে মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।