আমাদের গৃহপালিত বলো, তোমরা কী করেছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি আজেবাজে কথা বলে। বলে গৃহপালিত বিরোধী দল। তোমরা কী করেছ? সংসদে আসনি।’
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আজ বৃহস্পতিবার সংসদে বিএনপির উদ্দেশে এসব কথা বলেছেন। এ সময় তিনি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন।
সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা এক দল আরেক দলকে বিশ্বাস করি না। তাহলে জনগণ ভোট দেবে কীভাবে? কোনো সময় আমরা একমত হই না। এটা আমাদের ছাড়তে হবে। একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আমরা জনগণের জন্য কাজ করছি। দেশের জন্য কাজ করছি। সবাই মিলেমিশে কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাই সরকারকে আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার করব।’
ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ গঠনের দাবি করে রওশন এরশাদ বলেন, ময়মনসিংহে একটি হাইকোর্ট বেঞ্চ দিলে ভালো হয়।
এ সময় অন্য সাংসদেরা ‘সব বিভাগে, সব বিভাগে’ বলে দাবি তুললে রওশন এরশাদ বলেন, ‘আমি ময়মনসিংহের কথা বলব। সব বিভাগে হলে ভালো হয়। জনগণ আমাকে ধরেছে। মামলার জন্য তাদের ঢাকা আসতে হয়। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। সব বিভাগে হাইকোর্টের বেঞ্চ দিলে জনগণকে ঢাকায় আসতে হবে না। চিফ জাস্টিসের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বললে করে দেবেন।’
এ সময় সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
রওশন এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে আরও চিন্তাভাবনা করে কাজ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র রাশিয়াও করেছিল। দুর্ঘটনা ঘটেছিল। তাই আমাদের চিন্তা করতে হবে। বর্জ্য কোথায় নিয়ে যাবে? আমাদের এখানে অত ট্রেনিং নেই। সুন্দরবন নিয়ে অনেক কথা হচ্ছে। কয়লা কোথা থেকে আসবে? ধোঁয়া হবে। প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।’
সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে। সাংবাদিকদের বাড়েনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে।’