আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পূর্তি উপলক্ষে সরকারের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি, গত তিন বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরা তো মানুষ, ফেরেশতা নই, ব্যর্থতা তো থাকবেই।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় ওবায়দুল কাদের এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
‘সমাবেশের অনুমতি না দিলে অনুমতি ছাড়াই সেখানে সমাবেশ করব’ বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিন বছরে যারা আন্দোলনে থাকতে পারেনি, তাদের মুখে এসব কথা রূপকথার রাজ্যের রঙিন খোয়াবের মতো। এসব দেখে লাভ নেই।’
সারা দেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, টাকা নয়, শীতবস্ত্র দিয়ে এসব দরিদ্র মানুষকে সহায়তা করা হোক।
শীতবস্ত্র বিতরণের সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।