বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, ‘কারও গায়ে আমাদের হাত দিতে হবে না। জনগণই গণধোলাই দেবে। মানুষ অতিষ্ঠ হয়ে গেলে নিজেরাই রাস্তায় নামবে। সে জন্যই তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’
গতকাল সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বরিশাল ও খুলনা বিভাগের বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
এর আগে খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এখন তারা দেশের একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখুক, এর পরিণতি কেমন হয়।’
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জের ধরে খালেদা জিয়া উপরিউক্ত মন্তব্য করেন। তিনি বলেন, এখন পদে পদে দুর্নীতি, এক দিন এর জবাব দিতে হবে। কোনো একসময় এর জবাব দিতে হবে বলে তারা (সরকার) দায়মুক্তি নিচ্ছে। সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সংসদ, আদালত, মন্ত্রিসভা যেখান থেকে করাও, দায়মুক্তি হবে না। সম্পদ আত্মসাতের জন্য দায় নিতে হবে, সাজা ভোগ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, ‘কানাডায় পদ্মা সেতু দুর্নীতির মামলায় বিচার চলছে, কিন্তু তারা দায়মু্ক্তি নিয়ে বসে আছে। দুর্নীতি দমন কমিশন তাদের দায়মুক্তি সার্টিফিকেট দিচ্ছে। জনপ্রশাসন কোনো কাজ করতে পারছে না। ৭০০ কর্মকর্তাকে ওএসডি করে রেখেছে, আর নিজেদের লোকদের ডাবল প্রমোশন দিচ্ছে। পুলিশ প্রশাসনকে দিয়ে আকাম-কুকাম করাচ্ছে। জোর করে ছেলেদের ধরে নিয়ে থানায় পায়ে গুলি করছে।’
খালেদা জিয়া বলেন, সরকার কথায় কথায় জঙ্গিবাদের কথা বলে। এই জঙ্গিবাদের শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। শায়খ আবদুর রহমান কার বোনের জামাই? তাদের সঙ্গেই জঙ্গিবাদের সম্পর্ক।
খুনিদের সঙ্গে বসবেন না, সরকারের এমন মনোভাবের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘তাদের জিজ্ঞেস করেন তাদের ডানে-বাঁয়ে খুনিরা আছে। এরশাদ ও ইনু যে খুনি, তা বইপুস্তকেই আছে।’ প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ সম্পর্কে তিনি বলেন, ‘একটু কথা বললেই তার বিরুদ্ধে মামলা তোলা হয়। এর পরদিনই সে (এরশাদ) সরকারের হয়ে কথা বলে।’