সাক্ষাৎকারে তৈমুর
আমার কর্ম, তাঁর ব্যর্থতা আমাকে জেতাবে
ভোটের মাঠে আলোচিত নানা বিষয় নিয়ে কথা বলেছেন মেয়র পদে প্রধান দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার। গতকাল তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক।
প্রশ্ন :
নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সংঘাত-সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি। তারপরও নির্বাচন নিয়ে আপনার আশঙ্কাটি কোথায়?
তৈমুর আলম খন্দকার: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক প্রথম থেকেই এখানে আছেন। শুরুতে তাঁর বিষয়টা এত গুরুত্ব দিইনি। কিন্তু যখন বলেছেন, তৈমুর ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। আমি দেখলাম যে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার শুরু হয়ে গেল। এখন আমি মনে করি, এই গ্রেপ্তারের আরও ব্যাপকতা সৃষ্টি করার জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চাপ সৃষ্টি করেছেন। তাঁরা সার্কিট হাউস ব্যবহার করছেন, ডাকবাংলো ব্যবহার করছেন এবং নারায়ণগঞ্জের হোটেলগুলো বুক করা হয়েছে। ঢাকা থেকে অন্যান্য জেলা থেকে লোকজন আনা হচ্ছে। আমি মনে করি, জনতার প্রার্থীর পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকাতে নানক সাহেব ধরপাকড় আরও জোরদার করার জন্য প্রশাসনকে চাপ দিতে কাল (বৃহস্পতিবার) দেখা করেছেন। তিনি বাইরে থেকে এসে এ ধরনের চাপ প্রয়োগ করতে পারেন না। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, নারায়ণগঞ্জের প্রতিটি হোটেল চেক করা হোক, কী পরিমাণ বহিরাগত এখানে আনা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।
প্রশ্ন :
আপনি তো গ্রেপ্তার-হয়রানির অনেকগুলো অভিযোগ করেছেন। নির্বাচন যদি শেষ পর্যন্ত সুষ্ঠু না হয়, কী করবেন?
তৈমুর আলম: নির্বাচন সুষ্ঠু না হলে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, বেশি ভাবমূর্তি যার নষ্ট হবে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচন সামনে রেখে তিনি তাঁর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবেন না বলে আশা করি। যেমন আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তিনি দাওয়াত পাননি। এটা তো আমাদের দেশের জন্য অবমাননাকর। ওনার অনেক বড় বড় কর্মকর্তাকে বিদেশে যাইতে দেওয়া হচ্ছে না। এটাও তো ওনাকে কাটিয়ে উঠতে হবে।
প্রশ্ন :
বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব নেতাই নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। কিন্তু এ কয় দিনে দেখলাম, আপনি প্রধানমন্ত্রীকে তাঁর ভাবমূর্তির কথা বলে সুষ্ঠু নির্বাচনের জন্য অনুরোধ জানাচ্ছেন। রহস্যটা কী?
তৈমুর আলম: রহস্যটা হলো এই, দেশের আমলাতান্ত্রিক কালচার। এই কালচারে সবকিছুর মূলে হলো প্রমোশন, লোভনীয় পোস্টিং। প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার মালিক; তিনি যা চাইবেন, যা মনোভাব প্রকাশ করবেন, আমলারা সেটাই করবেন।
আমি মনে করি, নারায়ণগঞ্জ আন্দোলনের একটা সূতিকাগার। সেই নারায়ণগঞ্জকে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগটা দেবেন। আরেকটা কথা হলো, তাঁর দল (আওয়ামী লীগ) নারায়ণগঞ্জে দ্বিধাবিভক্ত; এটা পরিষ্কার। আমার সঙ্গে কিন্তু সবাই আছে আমার দলের। এটাও তো প্রধানমন্ত্রী বিবেচনা করবেন যে তাঁর দলটা কেন নারায়ণগঞ্জে দ্বিধাবিভক্ত।
প্রশ্ন :
কথাটি আপনি নিজেই যেহেতু তুলেছেন, আপনিও বিভক্ত একটি অংশের সমর্থন পাচ্ছেন। নারায়ণগঞ্জে কিন্তু জনশ্রুতি আছে, আপনি শামীম ওসমানের প্রার্থী। আইভীও তা-ই বলেছেন, আসলে কী।
তৈমুর আলম: আমি বারবার, বহুবার বলেছি এবং নারায়ণগঞ্জবাসীও জানে, শামীম ওসমানের পা দিয়ে হাঁটার সুযোগ আমার বিগত জীবনেও ছিল না, বর্তমানেও নেই। শামীম ওসমান যখন ছাত্র, তখন আমি নারায়ণগঞ্জে অনেক বড় নেতা। অবশ্য আমি যেসব মানুষের নেতৃত্ব দিয়েছি, এগুলোর বড় পরিচয় দেওয়ার কিছু নেই। যেমন ছিন্নমূল। এখনো আমি রিকশা শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট, ঠেলাগাড়ি ইউনিয়নের প্রেসিডেন্ট, হোটেল শ্রমিক ও হকারদের সংগঠন করি। আমি যখন নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর ডাকসাইটের নেতৃত্ব দিই, তখন সে (শামীম ওসমান) একটা ছাত্রনেতা। তাকে জিজ্ঞেস করে, তার ঘাড়ে পাড়া দিয়ে আমাকে চলতে হবে না। এটা নারায়ণগঞ্জবাসী জানে।
প্রশ্ন :
তাহলে জিনিসটা কোত্থেকে এল?
তৈমুর আলম: আরে ভাই, এটা তাদের একটা অপপ্রচার। এই শামীম ওসমানের অফিসে বোমা মাইরা ২২ জনকে হত্যা করা হয়েছিল (২০০১ সালে)। সে মামলার আমি প্রধান আসামি। তারা তখন বলেছে, খালেদা জিয়ার ও গোলাম আযমের সঙ্গে পরামর্শক্রমে তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে বোমা হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়। ওই ধরনের একটি নিন্দনীয়, পৈশাচিক কর্মকাণ্ডে আমাকে প্রধান আসামি করা হয়। আমার শরীরে গুলি আছে সরকারের।
প্রশ্ন :
আইভী তো আপনার ভাতিজি, উনি এ অভিযোগ কেন করলেন?
তৈমুর আলম: উনি কেন বললেন, সেটা আমি জানি না। তাঁর দলের এমপিকে তিনি যখন গডফাদার বলেন, তখন তো স্বাভাবিকভাবেই তারা কি তাঁর পক্ষে যাবে? ওনার দলের লোকদের উনি দূরে সরিয়ে রেখেছেন, এটা তো তাঁর কথাতেই বোঝা যায়। এটা কিন্তু আমি বলি না, তাঁর দল নিয়ে তো আমি মাথা ঘামাই না।
আরও কথা আছে, নারায়ণগঞ্জে আমার চেম্বার, বাড়িঘর জ্বালানো হয়েছে। কত প্রতিকূল অবস্থার মধ্যে আমি নারায়ণগঞ্জে রাজনীতি করি। আমি কি গণবিচ্ছিন্ন লোক? গত ৫০ বছরে আমার কোনো গণবিরোধী ভূমিকা পাবেন না। জনগণের স্বার্থ আত্মসাৎ করেছি, তাদের সঙ্গে বেইমানি করেছি, তাদের ছাইড়া চলে গেছি, কোনো আন্দোলন থেকে পিছপা হয়েছি—এমন নজির নাই।
প্রশ্ন :
কখনো কি ভেবেছিলেন, দল আপনাকে পদছাড়া করবে?
তৈমুর আলম: এটা তো দল আমার উপকার করেছে। আমার সঙ্গে আলাপ করেই করেছে। নৌকার যারা ডাইহার্টেড, তারা তো ধানের শীষে ভোট দেবে না। এখন তো তাদের আমার মার্কায় (হাতি) ভোট দেওয়ার একটা সুযোগ হইছে। আমার দল তো আমাকে ভোট দেবেই, চারদিক থেকে বিভিন্নভাবে, বিভিন্ন শ্রেণি-পেশার ভোটও আসবে।
প্রশ্ন :
কিন্তু বিএনপির প্রভাবশালী নেতাদের অনেকেই তো আপনার সঙ্গে মাঠে নেই।
তৈমুর আলম: প্রভাবশালী বলতে কারে বোঝান? আমার চেয়ে প্রভাবশালী লোকটা নারায়ণগঞ্জে কে? তৈমুর আলম খন্দকারের চেয়ে মাঠে বিএনপির প্রভাবশালী লোকটা কে, নামটা বলেন তো।
প্রশ্ন :
ধরুন জেলার শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক সাংসদেরা আছেন।
তৈমুর আলম: জেলা পর্যায়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক (মনিরুল ইসলাম), তাঁকে তো ধরে ফেলেছে। সাবেক এমপি গিয়াসউদ্দিনকে দুদকের মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। তিনি নিজের ছেলের জন্য ভোট চাইতে পারছেন না। তাঁর বউয়ের জানাজায়ও আসতে পারেননি। সে কী করবে, বলেন? তবু তিনি তো আমার ওয়ার্ক করতাছেন। সাবেক সাংসদ কালাম সাহেবের পায়ের যে সমস্যা, তিনি ঘর থেকে বের হতে পারেন না। তিনি তাঁর ছেলের নির্বাচনও করতে যাননি। তাঁর লোকজন তো সব আমার পক্ষে নামছে।
প্রশ্ন :
আইভী তো বারবার লড়াই করে জিতেছেন, জনসমর্থনও কুড়িয়েছেন। আপনাকে কেন মেয়র করবে?
তৈমুর আলম: বারবার জিতে নাই। জিতে নাই এই জন্য যে আগে জনগণের কাঙ্ক্ষিত কোনো প্রার্থী ছিল না। এবার জনগণের কাঙ্ক্ষিত প্রার্থী আছে এবং তার ফলাফল ভোটে দেখবেন।
প্রশ্ন :
নারায়ণগঞ্জ উত্তর ও দক্ষিণ পাড়ায় বিভক্ত। এটা যত না আওয়ামী লীগের, তার চেয়ে বেশি সন্ত্রাস বনাম প্রতিবাদের। সেখানে আপনার অবস্থান কোথায়?
তৈমুর আলম: নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছি আমি। আমার ভাই (২০০৩ সালে আততায়ীর গুলিতে নিহত শাব্বির আলম খন্দকার) সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে খুন হয়েছেন। আমি, আমার পরিবার নারায়ণগঞ্জের সন্ত্রাসের শিকার বেশি। আমার পরিবারের এমন কোনো সদস্য নেই, যারা মামলার আসামি না। আমার দুইটা মেয়ে ব্যারিস্টার, যদি মেয়ে না হয়ে ছেলে হতো, তারাও আসামি হতো।
প্রশ্ন :
আপনার ভাষায় ২০১১ সালে দল আপনাকে ‘কোরবানি’ দিয়েছে। পরের বার দল আপনাকে প্রার্থী করেনি, এবার দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলেন কেন?
তৈমুর আলম: না না, ২০১৬ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যাইনি, আমি নির্বাচন করি নাই।
প্রশ্ন :
এবার যদি হেরে যান, কী করবেন?
তৈমুর আলম: হারব না, ইনশা আল্লাহ। হারার কোনো স্কোপই নেই।
প্রশ্ন :
আইভী তো আপনার ভাতিজি। যদি হেরে যান, সম্পর্কটা কেমন হবে।
তৈমুর আলম: এটা আমাদের শহর। এখানে আমাদের জন্ম। ১৬ তারিখের পরে কেউ কারও ব্যাপারটা মনে রাখুক, এটা আমি চাই না। সবাই নারায়ণগঞ্জবাসী হিসেবে থাকবে, এটাই আমি চাই।
প্রশ্ন :
আপনাকে মানুষ কেন ভোট দেবে।
তৈমুর আলম: গত ৫০ বছরে আমার কর্ম এবং ১৮ বছরে আইভীর ব্যর্থতা।
প্রশ্ন :
সুনির্দিষ্ট করে বলবেন? কোন জায়গায় ব্যর্থ?
তৈমুর আলম: সব জায়গায়। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে, ট্রেড লাইন্সের ফি বৃদ্ধি করেছে। পানির বিল বৃদ্ধি করেছে, কিন্তু সেবা দিতে পারেনি।
প্রশ্ন :
সে জায়গায় আপনি কী করবেন?
তৈমুর আলম: আমি তো প্রতিশ্রুতি দিয়েছি। এ সমস্যাগুলো নিরসন করব। তিন বছর আগে রসুলপুর ব্রিজের নির্মাণ প্রকল্প একনেকে পাস হয়েছে। এখন পর্যন্ত করতে পারেনি আইভী।
প্রশ্ন :
কিন্তু তিনি অনেক উন্নয়নকাজও তো করেছেন।
তৈমুর আলম: যে উন্নয়ন করেছেন, এটাকে উন্নয়ন বলে না। মানুষের মৌলিক চাহিদার উন্নয়ন হলো প্রকৃত উন্নয়ন। আমি ২২ তলা একটা বিল্ডিং করলাম, এটা উন্নয়ন নয়। ডেভেলপমেন্ট শুট বি দ্য মেটার অব দ্য হিউম্যান বিয়িং। সাধারণ ছিন্নমূল মানুষের রাজনীতি করি আমি, তাদের উন্নয়ন হলো আমাদের কাছে উন্নয়ন।
প্রশ্ন :
তাহলে কি এই ছিন্নমূলই আপনার ভোট ব্যাংক?
তৈমুর আলম: ছিন্নমূল, হোল্ডিং ট্যাক্সওয়ালারা। তারা তো অবশ্যই আমাকে ভোট দেবে। তাদের আহ্বানেই তো আমাকে নির্বাচন করতে হচ্ছে।