আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব: এরশাদ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’—এই হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। মানুষের কাছে নির্বাচন এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কে কখন মারা যান, কেউ জানেন না। অর্থশক্তি ও পেশিশক্তি এখন নির্বাচনী সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জনগণ সেটা চায় না। নির্বাচনের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করার সময় এইচ এম এরশাদ এসব কথা বলেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে তিনি আরও বলেন, সবচেয়ে সস্তা এখন মানুষের জীবন। পদে পদে মৃত্যুর ভয়। মানুষের কোনো নিরাপত্তা নেই।
বিভিন্ন ব্যাংকে টাকা লুটের প্রসঙ্গে এরশাদ বলেন, লুটপাটে কোনো ব্যাংক আর বাকি নেই। এসব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। যাঁরা ব্যাংকের এসব টাকা লুট করছেন, তাঁরা সরকার ও আওয়ামী লীগের লোকজন। এ কারণে তাঁদের বিচার হয় না। অথচ লুট হওয়া এসব টাকা জনগণের। জাপা ক্ষমতায় থাকাকালে ব্যাংক কেন, কোনো খাতেই টাকা লুট হয়নি।
বিএনপির বিষয়ে এরশাদ বলেন, মানুষের কাছে এখন আর বিএনপির গ্রহণযোগ্যতা নেই। তিন মাসের আন্দোলনের নামে তারা (বিএনপি) অনেক মানুষ পুড়িয়ে মেরেছে। তাই মানুষের কাছ থেকে বিএনপি এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে দলটির প্রতি মানুষের আস্থা কমে গেছে। আর জাপার প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে।
কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তনুকে নাকি ধর্ষণ করা হয়নি। তাহলে তাকে কেন মারা হলো? তনু হত্যার আসল তদন্ত প্রতিবেদন কখনো প্রকাশ হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘তনুর মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে।’
তাঁর শাসনামলে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে এরশাদ বলেন, দেশে ১৬ কোটি মানুষের সমস্যা একজন ব্যক্তি (প্রধানমন্ত্রী) সমাধান করতে পারবেন না। প্রাদেশিক সরকারব্যবস্থা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন করবে। নির্বাচন পদ্ধতির সংস্কার করবে।
সভায় জেলা জাপার আহ্বায়ক এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রমুখ। পরে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিক্রমে জেলা জাপার সভাপতি পদে এস এম আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে হাসান সাঈদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান।