আমার সময়ে দলে কোনো বিভেদ হয়নি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগকে এখন যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী রাজনৈতিক দল অভিহিত করে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমি দু-দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। আমার সময়ে আওয়ামী লীগের মধ্যে কোনো ভাঙন ধরেনি, কোনো বিভেদ তৈরি হয়নি।’

সাধারণ সম্পাদক পদে আর না থাকার গুঞ্জনের মধ‌্যে গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের লিখিত বক্তব‌্য নির্দিষ্ট থাকলেও তা সবাইকে পড়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আবেগময় ভাষায় কিছু কথা বলেন দুবারের সাধারণ সম্পাদক আশরাফ।

সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগের আমি সন্তান। আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম। আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মী যদি ব্যথা পায়, সেই ব্যথা আমিও পাই। আপনারা এখানে এসেছেন, আপনাদের রক্ত আমার রক্ত, একই রক্তে কোনো পার্থক্য নেই।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। জননেত্রী যত দিন আছেন, উনিই নেতৃত্ব দেবেন। এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন, আওয়ামী লীগ কিন্তু মরবে না। আওয়ামী লীগ অজেয় রাজনৈতিক সংগঠন।

সৈয়দ আশরাফ বলেন, গত দুবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। পৃথিবীতে অনেক দল আছে। কিন্তু আওয়ামী লীগের আত্মত্যাগের সঙ্গে তাদের তুলনা হয় না। এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ টিকে আছে এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এ দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন, কামারুজ্জামানসহ হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। তারপরও আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারেনি এবং কোনো দিনই পারবে না।