আমি পদ চাইনি আশাও করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্রিয় রাজনীতিতে না থাকায় কারও কাছে আওয়ামী লীগের কোনো পদ চাননি বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। বৃহস্পতিবার রাতে তাঁর ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে সোহেল তাজ এ কথা জানান।

সোহেল তাজ লেখেন, ‘আপনাদের মন্তব্য এবং পত্রপত্রিকার কিছু সংবাদ পড়ে আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকের ধারণা, বিগত আওয়ামী লীগের সম্মেলনে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে আমি দেশে ফিরেছি সম্মেলনের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারও কাছে চাইনি এবং আশাও করিনি। কারণ, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।’

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে সোহেল তাজকে কোনো পদ দেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছিল। তিনি সম্মেলনে যোগ দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে। অবশ্য গতকাল মোট ৪৩টি পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। তাতে সোহেল তাজের নাম নেই। আরও ৩৮টি পদে এখনো নাম ঘোষণা করা হয়নি।

২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল। এর পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। কিন্তু তখন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ২০১২ সালের ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে তিনি পদত্যাগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আবেদন জানান। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। পরে ওই আসনে তাঁর বোন সিমিন হোসেন রিমি সাংসদ নির্বাচিত হন।