জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘নব্বইয়ের পর কোনো সরকারই আমার সঙ্গে সুবিচার করেনি। আমি একজন শৃঙ্খলবদ্ধ রাজনীতিবিদ। আমার হাত-পা বাঁধা। বিএনপির আমলে দায়ের করা মামলা এক মাস আগেও সচল করেছে সরকার। সবাই আমাকে শৃঙ্খলের দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়।’
গতকাল বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় মহাসমাবেশ করতে এ প্রতিনিধি সভা করা হয়।
এরশাদ বলেন, এবার তাঁকে শৃঙ্খলের দড়ি দিয়ে আটকে রাখতে পারবে না। সব শৃঙ্খলের দড়ি ছিঁড়ে ফেলবেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘দেশে কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের ভোটের অধিকারও লুণ্ঠিত হচ্ছে। রাজনীতিবিদদের ভেতরে কোনো সহাবস্থান নেই। একে অপরকে প্রতিপক্ষ মনে করি। এভাবে একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না।’
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, অত্যাচার-নির্যাতন করে জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারেনি। শত প্রতিকূলতার মধ্যেও জাতীয় পার্টি এখনো গণমানুষের নির্ভরযোগ্য রাজনৈতিক প্ল্যাটফর্ম।
জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, শেখ সিরাজুল ইসলাম, এস এম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর প্রমুখ।