আমি হতাশ: ডা. সারওয়ার আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন।
প্রথম আলোকে সারওয়ার আলী বলেন, ‘আমি হতাশ। কারণ সুনির্দিষ্টভাবে দুটি হত্যাকাণ্ডে সাঈদী জড়িত ছিল। বাকি ছয়টি অভিযোগে তার সম্পৃক্ততা প্রমাণিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয়টি অভিযোগে সাঈদীর সাজা না দেওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেছিল। আমার ধারণা, এ রায়ে সাধারণ মানুষ শুধু হতাশ না, ক্ষুব্ধ হবে। উচ্চ আদালতের রায় সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলা উচিত হবে না’।
ট্রাইব্যুনালের রায়ে ২০টি অভিযোগের মধ্যে আটটিতে দোষী সাব্যস্ত হন সাঈদী। এর মধ্যে একাত্তরে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে আলাদা দুটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ওই সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছিলেন এই জামায়াত নেতা। আর রাষ্ট্রপক্ষ অন্য ছয়টি অভিযোগে সাজা চেয়ে আপিল করে, যেগুলোতে দোষী সাব্যস্ত হলেও ট্রাইব্যুনাল সাজা দেননি।