আয়-ব্যয়ের হিসাব দিতে এক মাস সময় চেয়েছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ তার দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এক মাসের সময় চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। গতকাল রোববার আওয়ামী লীগের পক্ষ থেকে কমিশনে এ চিঠি পাঠানো হয়।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস ও দলের নেতা এ বি এম রিয়াজুল কবির কাওসার নির্বাচন কমিশন সচিবালয়ে এই চিঠি পৌঁছে দেন। চিঠিতে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। আইনে বলা আছে, কোনো দল পরপর তিন বছর এই হিসাব জমা না দিলে কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল ওদুদ গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত কেবল বাংলাদেশ মুসলিম লীগ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে বেশির ভাগ দল হিসাব জমা দেবে বলে কমিশন সচিবালয় আশা করছে।