আর একদলীয় নির্বাচন হবে না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে আর একদলীয় নির্বাচন হবে না। তিনি বলেন, মানুষ এখন বর্তমান সরকারের পরিবর্তন চায়। সে জন্য বিএনপি নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনের মাধ্যমে মানুষ এই পরিবর্তন আনবে।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফারাক্কার লংমার্চ দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের কোনো জবাবদিহি নেই। এ কারণে দুর্নীতি ও সামাজিক অপরাধ সীমা ছাড়িয়েছে। বিরোধী দলকে জনসভা করতে দেওয়া হয় না। নেতা-কর্মীরা রাতে বাড়ি থাকতে পারেন না। সবার নামে মামলা। তিনি বলেন, ‘জেল-জুলুম করে আর কত দিন এ সরকার ক্ষমতায় থাকতে পারবে। ইনশা আল্লাহ আগামী নির্বাচন একদলীয়ভাবে করতে দেওয়া হবে না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, পানি বিশেষজ্ঞ এস আই খান, প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিতা রহমান প্রমুখ।