আর হয়রানি নয়: সালাম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পেয়ে ঢাকা-১৩ আসনের প্রার্থী আবদুস সালাম বলেছেন, আর যেন তাঁদের নেতা–কর্মীকে গ্রেপ্তার করা না হয়। আর যেন তাঁদের কোনো হয়রানি করা না হয়। আজ সোমবার সকালে ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বিএনপির প্রার্থী আবদুস সালাম ধানের শীষ প্রতীক নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘নির্বাচন কমিশন যেন সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যদি একটি নির্বাচনী কার্যালয় থাকে, আমরাও একটি নির্বাচনী কার্যালয় চাই।’
আবদুস সালামের অভিযোগ, গতকাল রোববারও তাঁর নির্বাচনী এলাকা থেকে তাঁর কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ থেকে যেন আর কাউকে হয়রানি না করা হয়।
ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীদের সঙ্গে আসা সমর্থক, কর্মীরা স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করছেন।