বিলবোর্ড-সংক্রান্ত মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমে যুক্ত করা হবে বলে জানান মেয়র। অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য সভা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে ফোন করেন তিনি।
গত সোমবার থেকে বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
গতকালের সভায় মেয়র বলেন, রাতের বেলায় আবর্জনা অপসারণ করা নাগরিকদের দাবি। এ জন্য রাত আটটা থেকে ১২টায় ময়লা-আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলা এবং রাত একটা থেকে পাঁচটার মধ্যে তা অপসারণে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। পাইলিংয়ের পানিমিশ্রিত মাটি কেউ যাতে খাল ও নালায় ফেলতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। এ ছাড়া প্রকৌশল বিভাগের পাঁচটি ডিভিশনকে নগরের সব খালের সঠিক চিত্র তৈরি করে কর্মপরিকল্পনা পেশ করা এবং বর্ষা শুরুর আগে খাল ও নালাগুলো পরিষ্কার করার নির্দেশ দেন তিনি।
বিলবোর্ড উচ্ছেদের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য মেয়র মহোদয় দুজন ম্যাজিস্ট্রেট চেয়েছেন। আগামীকাল (আজ রোববার) থেকে সিটি করপোরেশনের অভিযানে জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট থাকবেন।’