বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের আসামিপক্ষে জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ জুন দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে গতকাল তারেক রহমানের পক্ষে জেরা করা হয়। তারেক রহমানের পক্ষে তাঁকে জেরা করেন আইনজীবী বোরহান উদ্দিন। জেরা শেষে এ মামলার নিবন্ধন (রেকর্ডিং) কর্মকর্তা এস এম গাফফারুল ইসলাম ও সোনালী ব্যাংকের কর্মকর্তা শফিউদ্দিন মিয়া সাক্ষ্য দেন।
গতকাল এ মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হয়।