আরও ২২ জনের নাম ঘোষণা, বাকি আছে ৩৮ পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরও ২২ সদস্যের নাম গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩টি পদে নেতাদের নাম প্রকাশ করা হলো। ৩৮টি পদে এখনো ঘোষণা আসেনি।
আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নতুন ২২ জনের নাম ঘোষণা করেন। এর আগে গত রোববার দলের জাতীয় সম্মেলনের শেষ দিন সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১ পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ৮১ সদস্যের। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ৩, সম্পাদকমণ্ডলীর ৭ এবং নির্বাহী সদস্যের ২৮টি পদ মিলিয়ে এখনো ৩৮টি পদ খালি আছে।
নেতাদের নাম ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কমিটিতে আরও নতুন মুখ আসবে। অনেক পরিবর্তন আসছে। যাঁরা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবেন, যাঁদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাঁদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।
যাঁরা এলেন, বাদ গেলেন: অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হয়েছেন রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুন্সি। এই পদে আগে ছিলেন 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দলীয় সূত্র জানায়, মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি হওয়ায় কেন্দ্রীয় কমিটি থেকে বাদ যাচ্ছেন—এটা আগে থেকে প্রচার ছিল।

উপদপ্তর সম্পাদক থেকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন মৃণাল কান্তি দাস। আগে এই পদে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। প্রতিমন্ত্রী থাকাকালে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালের নতুন মন্ত্রিসভায় তিনি আর ঠাঁই পাননি। এরপর মুক্তিযুদ্ধের সম্মাননার ক্রেস্ট জালিয়াতির ঘটনায় ব্যাপক সমালোচনায় পড়েন তাজুল ইসলাম। এবার দলের পদও হারালেন তিনি।

শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক শামসুন নাহার। তিনি মাস তিনেক আগে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের বোন। বিদায়ী কমিটিতে এই পদে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।

উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে এবার সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল। এই পদে আগে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রংপুর বিভাগীয় সহসভাপতি রোকেয়া সুলতানা। আগে এই পদে ছিলেন বদিউজ্জামান ভূঁইয়া।

দপ্তর সম্পাদক পদ পেয়েছেন আবদুস সোবহান। অবশ্য তিনি তিন বছর ধরেই অনানুষ্ঠানিকভাবে দপ্তরের দায়িত্ব পালন করেন। আগের কমিটির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেয়ে ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা সুজিত রায় নন্দী। এই পদে ছিলেন সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুছ ছাত্তার, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আগেও একই পদে ছিলেন।

সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ চৌধুরী বহাল আছেন। নতুন যোগ হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী। শামীম বিদায়ী কমিটিতে নির্বাহী সদস্য ছিলেন। আর মহিবুল হাসান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য। সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

৩৪ জন সম্পাদকমণ্ডলীর মধ্যে সাতটি পদ—আন্তর্জাতিক সম্পর্ক, কৃষি ও সমবায়, বন ও পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া, উপদপ্তর, উপপ্রচার ও প্রকাশনা পদে কারও নাম ঘোষণা করা হয়নি। এ ছাড়া সদস্য পদেও কোনো ঘোষণা আসেনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন: সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা গতকাল বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সোমবার রাতে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নবনির্বাচিত নেতারা গণভবনে গিয়ে দলীয় প্রধান শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুক্রবার সভাপতিমণ্ডলীর সভা: আগামী শুক্রবার সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। দলের একাধিক নেতা জানান, কেন্দ্রীয় কমিটির বাকি পদগুলোতে নেতা চূড়ান্ত করার লক্ষ্যে সভাপতিমণ্ডলীর এই বৈঠক ডাকা হয়েছে। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা।