আরব বিশ্ব আর এ দেশের জঙ্গিবাদের অতীত ভিন্ন : ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের জঙ্গিবাদের সঙ্গে বিদেশের সংশ্লিষ্টতার কথা বলে এসেছে। কিন্তু তার যথার্থতা এখনো প্রমাণিত হয়নি। আরব বিশ্বের জঙ্গিবাদের উৎস এবং এ দেশে জঙ্গিবাদের উদ্ভবের অতীত ভিন্ন।
আজ বুধবার দলের পলিটব্যুরোর পক্ষে এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা বলেন। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই বিবৃতি দেওয়া হয়।
পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জঙ্গিবাদের উদ্ভব এবং এর প্রেক্ষাপট ভিন্ন—এটা সবাইকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশকে যারা স্বাধীন দেখতে চায়নি এবং মুক্তিযুদ্ধকে যারা বিজয়ী দেখতে চায়নি, তারাই জঙ্গিবাদের সৃষ্টিকারী। তারাই এর প্রসার ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রই প্রথম ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে উদারনৈতিক ইসলামি দেশ হিসেবে উল্লেখ করে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছিল। এমনকি যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীকে ‘মডারেট মুসলিম’ দল হিসেবে উল্লেখ করতে দ্বিধাবোধ করেনি।
বিবৃতিতে আরও বলা হয়, আরব বিশ্বের জঙ্গিবাদের উৎস এবং এ দেশে জঙ্গিবাদের উদ্ভবের অতীত ভিন্ন। পরাজয়ের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান এ দেশের জঙ্গিবাদীদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতি নষ্ট করতে দীর্ঘদিন মদদ দিয়ে আসছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের কথিত ‘হোম গ্রোন জঙ্গি’ নেটওয়ার্কের উদ্ভব একই ইতিহাসের সূত্রে গাঁথা।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি বলেছে, ‘কোন জঙ্গি কার কৌশলের দীক্ষা নিচ্ছে এবং যোগাযোগ রাখছে, তা পরীক্ষা–নিরীক্ষা করা যেতে পারে। কিন্তু আরব দেশগুলো থেকে এসে এখানে জঙ্গিবাদী তৎপরতা চালানোর বিষয়ে কোনো প্রমাণ এখনো ধরা পড়েনি। আমরা জঙ্গিবাদী তৎপরতা রোধে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাব। তবে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে নয়। যেসব পশ্চিমা দেশ জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, তারাও জঙ্গিবাদ প্রতিরোধে কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি।’