আরাফাতের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রীর শোক সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি বলেন, ‘আমি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। সে জন্যই শোক প্রকাশ করলাম।’
গতকাল রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় মহসিন আলী এ কথা বলেন। এ সময় তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে সব সাংসদকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ জানান। এতে বেশির ভাগ সাংসদ বিব্রতকর অবস্থায় পড়েন। কারণ সংসদে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়ার এখতিয়ার একমাত্র স্পিকারের।
বিল উত্থাপন: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৪ গতকাল রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য কারণ সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।