সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম সোচ্চার হওয়ার কারণে সংগঠনের নেতাদের বিরুদ্ধে সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। পরোয়ানা প্রত্যাহার করা না হলে প্রয়োজনে আরেকটি শাপলা চত্বর সংঘটিত হবে বলে বিবৃতিতে হুঁশিয়ার করেছেন হেফাজত নেতারা।
গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম এ হুঁশিয়ারি দেয়। সংগঠনের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ বিবৃতি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, হেফাজত নেতাদের কণ্ঠরোধ করতেই ভিত্তিহীন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। মূলত গ্রিক মূর্তি ইস্যু ধামাচাপা দিতেই হেফাজত নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের নায়েবে আমির শামছুল আলম, মুফতি মোজাফ্ফর আহমদ, তাফাজ্জুল হক, আবদুল হামিদ, নুর হোসেন কাসেমী প্রমুখ।