আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে আইনের শাসন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সৌজন্যে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সৌজন্যে

বাংলাদেশের মতো দেশে আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে গণতান্ত্রিক শাসন, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা করা অপরিহার্য। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে একমত হয়েছেন।

আজ শনিবার শিনজো আবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অনেক বড় দল অংশ নেয়নি। এ ব্যাপারে তাঁরা (জাপান সরকার) অবগত আছেন।’

শমসের মোবিন আরও বলেন, আবে আশা করেন, বড় দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করতে পারবে, যা বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে।

আজ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে খালেদা জিয়ার সঙ্গে আবের বৈঠক হয়। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, এম মোরশেদ খান ও ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী।