আল-কায়েদার সঙ্গে তারেকের যোগসূত্র অস্বাভাবিক নয়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এ ইতিহাস সবাই জানে। এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। পদ্মার ভাঙনে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এক হাজার ২০০ পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হবার পর থেকে আইএসআইয়ের দ্বারা পরিচালিত হয়ে আসছে। তারেক রহমানও আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, তার তথ্যপ্রমাণ আছে।
হানিফ অভিযোগ করে বলেন, ‘ফখরুল ইসলামরা বাম সংগঠন করতেন, আর বাম সংগঠনগুলো মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাই ফখরুল ইসলামরা আজ বড় বড় কথা বললেও তাঁরা মুক্তিযুদ্ধ করেননি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, এ কে খন্দকার নিজেই তাঁর বইয়ে লিখেছেন, বয়সের কারণে তাঁর চিন্তাশক্তি লোপ পেয়ে গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাইরের কোনো অপশক্তি তাঁকে দিয়ে এই সমস্ত বিভ্রান্তিকর কথা লিখিয়েছে।
এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।