আলফাডাঙ্গায় বিএনপি ও নড়াইলে কৃষক লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গতকাল শুক্রবার গঠন করা হয়েছে।
এতে শেখ আবদুস সালামকে সভাপতি, মিয়া মো. আকরামুজ্জামানকে সাধারণ সম্পাদক ও নূরুজ্জামান খসরুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
একই দিন নড়াইলে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল সম্মেলনে ১০১ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।
উপজেলা সদরে ওহাব মিয়ার বাড়ি-সংলগ্ন মাঠে ওই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুল ওহাব মিয়া। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সম্পাদক মোদাররেস আলী, সাংগঠনিক সম্পাদক মো. রশিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুলফিকার হোসেন।
এদিকে নড়াইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। বিকেলে সার্কিট হাউসে মো. মাহাবুবুর রহমানকে জেলা কৃষক লীগের সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আবু সাঈদ। এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান। প্রধান বক্তা ছিলেন খোন্দকার শামসুল হক। বক্তব্য দেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফজলুর রহমান জিন্নাহ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরীফ আশরাফ আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল সিংহ রায়, কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান।