আলাদাভাবে পালন করল আ.লীগের দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আওয়ামী লীগের দুটি পক্ষ আলাদাভাবে গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে। এক পক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও অপরটিতে সাধারণ সম্পাদক মমতাজুল হক।

এদিকে দুটি পক্ষের পৃথক সমাবেশের ঘোষণায় শহরে উত্তেজনার সৃষ্টি হয়। তাই সংঘাত এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে মমতাজুল হকের নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বড়বাজার অতিক্রম করে ডালপট্টি এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। ওই শোভাযাত্রার প্রায় ১০ মিনিট পর জেলা আওয়ামী লীগের ব্যানারে দেওয়ান কামাল আহম্মেদের নেতৃত্বে শহরের শহীদ মিনার চত্বর থেকে অপর একটি শোভাযাত্রা বের হয়। পরে তারা শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। এ ছাড়া মমতাজুল হকের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে।

শহীদ মিনার চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ান কামাল আহম্মেদ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবীদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক নোহেল রানা প্রমুখ।

চৌরঙ্গী মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম। বক্তব্য দেন মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সহসভাপতি লেমন বসুনিয়া, মনিরুল ইসলাম প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ পৃথক কর্মসূচি দেওয়ায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জেলা পরিষদ নির্বাচনে দেওয়ান কামাল আহম্মেদ দলীয় প্রার্থীর পক্ষ অবলম্বন না করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষ অবলম্বন করাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ প্রকাশ্য রূপ নেয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মমতাজুল হক। এতে মমতাজুল হক ৩১ ভোটে পরাজিত হন।